রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাস থেকে নামতেই আরেক বাসের চাপায় এক নারী যাত্রী নিহত হয়েছেন। তার নাম সমিরন আক্তার সেলিনা (৫০)। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দায়ী মিডলাইন পরিবহনের বাস ও এর চালক তরিকুলকে আটক করেছে পুলিশ। হাইকোর্ট মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিলেন সমিরন।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে কয়েকটি বাস তাদের যাত্রীর সংখ্যার তালিকায় (ওয়েবিল) লাইনম্যান দিয়ে স্বাক্ষর করার জন্য দাঁড়িয়ে ছিল। এগুলোর কোনো একটি বাস থেকে নামেন সমিরন। এর পরপরই মিডলাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে উজ্জ্বল হাসপাতালে জানান, তার বাবার নাম আবদুল বারেক। তিনি প্রায় ১০ বছর আগে মারা যান। কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাসায় তার সঙ্গেই থাকতেন সমিরন। সকালে তিনি হাইকোর্ট মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। প্রতি শুক্রবারই তিনি সেখানে নামাজ পড়তেন।
এদিকে সমিরনের মৃত্যুর খবর শুনে ঢামেক হাসপাতালে ছুটে যান তার বড় বোন সালমা বেগম ও ছেলে উজ্জ্বলসহ অন্য স্বজনরা। তাদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
ইত্তেফাক/ইউবি
