সৌদি আরবের বিপক্ষে জার্মানির কষ্টার্জিত জয়

আপডেট : ০৯ জুন ২০১৮, ১০:৫৬
বিশ্বকাপের প্রস্তুতিপর্বে অস্ট্রিয়ার পরাজয় ও সৌদি আরবের সঙ্গে কষ্টার্জিত জয়ই সঙ্গী হলো গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। লেভারকুজেনে শুক্রবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সৌদির বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা।
 
এর আগে গত শনিবার অস্ট্রিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল জার্মানি।
 
শুরুটা ভালোই করেছিলো ইওয়াখিম লুভের দল। ৮ মিনিটের মাথায় পেয়ে যায় কাঙ্ক্ষিত গোলের দেখা। গোল মুখে বল পেয়ে সহজেই প্রতিপক্ষের জালে জড়ান টিমো ভেরনার। এরপর কয়েকটি সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় জার্মানরা। সৌদি আরবও দুএকটা আক্রমণ করার চেষ্টা করে। ৪৩তম মিনিটের মাথায় আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ হয় জার্মানির। ভেরনারের নীচু ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ডিফেন্ডার ওমার।
 
এরপর আর কোনো গোলের দেখা পায়নি জার্মানরা। উল্টো ৮৪তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে সৌদি আরব। সামি খেদিরার ফাউলে পেনাল্টি পায় সৌদি আরব। মোহাম্মদ আল-সাহলাইয়ের শট ডান দিয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মানুয়েল নয়ার। ফিরতি বল ধরে গোলটি করেন মিডফিল্ডার আল জসিম।
 

ইত্তেফাক/এএম