মানিকগঞ্জ থেকে সাভারে স্বামীর কাছে ঈদের কেনাকাটা করে ফেরার পথে লাশ হলেন আকলিমা বেগম নামের এক গৃহবধূ (২৫)। শনিবার সকালে সাভারের সিএন্ডবি আশুলিয়া সড়কের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আকলিমার বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার আমডালা গ্রামে। তিনি দুই দিন আগে ঈদের কেনাকাটার জন্য সাভারের কলমায় বসবাসরত স্বামী পোশাক শ্রমিক সাদ্দাম মোল্লার কাছে বেড়াতে এসেছিলেন।
সাদ্দাম মোল্লা জানান, ঈদের কেনাকাটা শেষ হওয়ায় মানিকগঞ্জে বাড়িতে ফিরে যাওয়ার জন্য শনিবার ভোর ছয়টার দিকে কলমার জিনজিরা এলাকা থেকে আকলিমাকে সিএন্ডবি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেন। কিন্তু তার কিছুক্ষণ পর সিএন্ডবি আশুলিয়া সড়কের সরকারি ছাগল উন্নয়ন খামারের সামনে রাস্তার উপর আকলিমার লাশ দেখতে পায় পথচারীরা। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সাভার মডেল থানার এসআই ফরহাদ বলেন, আকলিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে হত্যা করতে পারে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
