এক বছরে রেলের লোকসান ১৮৫৩ কোটি টাকা: রেলমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০১৮, ১৭:৫১
রেলমন্ত্রী মুজিবুল হক সংসদকে জানিয়েছেন, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের নিট লোকসান ছিল ১ হাজার ৮৫২ কোটি ৯৪ লাখ ৬৬ হাজার টাকা। ওই অর্থবছরে রেলের আয় ছিল ১ হাজার ২৮৯ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার টাকা। আর ব্যয় ছিল ৩ হাজার ১৪২ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা।
 
রবিবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
 
সরকারি দলের সদস্য মিজানুর রহমানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, রেলওয়েতে যাত্রী পরিবহন উত্তরোত্তর বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে যাত্রী ছিল ৬ কোটি ৪৯ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ছিল ৬ কোটি ৭৩ লাখ, ২০১৫-১৬ অর্থবছরে ৭ কোটি ৮০ হাজার এবং ২০১৬-১৭ অর্থবছরে যাত্রী ছিল ৭ কোটি ৭৮ লাখ। 
 
সরকারি দলের সদস্য সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলাগুলোয় জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রকল্পের রেলপথ স্থাপনে ভৌত নির্মাণকাজ আগামী আগস্ট মাসের মধ্যে শুরু হবে বলে আশা করা যায়। রেলপথে ঢাকা অংশের স্টেশনগুলো হলো ঢাকা,  গেন্ডারিয়া, কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। মেয়াদ শেষে  স্টেশনগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
 
 
ইত্তেফাক/এমআই