কিমের পরেই সিঙ্গাপুরে অবতরণ করলেন বোন কিম ইয়ো জং

আপডেট : ১০ জুন ২০১৮, ১৬:৫৬
সিঙ্গাপুরের স্থানীয় সময় রবিবার দুপুরে চেঙ্গি বিমানবন্দরে অবতরণ করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এরপরেই তার বহরের তৃতীয় বিমানে করে বোন কিম ইয়ো জংসহ অন্য উচ্চ-প্রতিনিধিরা সেখানে পৌঁছান। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সিঙ্গাপুরের পথে আছেন। রবিবার রাতে তার সিঙ্গাপুরে পৌঁছানোর কথা।
 
বার্তা সংস্থা সিএনএন জানাচ্ছে, এয়ার চায়না ৭৪৭ নামের একটি জাম্বো জেট উড়োজাহাজ চেঙ্গিতে অবতরণ করার কিছুক্ষণ পরই বিমানবন্দর থেকে একটি রাষ্ট্রীয় গাড়িবহর বেরিয়ে যেতে দেখা যায়। আর তার অল্প সময় পরই সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান তার টুইটার পেজে কিমকে স্বাগত জানানোর ছবি পোস্ট করেন।
IMG0
সিঙ্গাপুরের দৈনিক দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোনকে বহনকারী তৃতীয় একটি বিমান সিঙ্গাপুরে পৌঁছেছে। রবিবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় কিম ইয়ো জংকে বহনকারী বিমানটি চাঙ্গি বিমানবন্দরে অবতরণ করে। 
 
১২ জুন সিঙ্গাপুরে বৈঠকের তারিখটি বেশ কিছুদিন আগে নির্ধারিত হলেও আচমকা গত ২৪ মে উনের সঙ্গে বৈঠকটি বাতিলের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক বিশ্ব হতাশা প্রকাশ করেছিল। এরপর ২৫ মে ট্রাম্প নতুন করে ইঙ্গিত দেন, ১২ জুন তারিখেই সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে। ২৬ মে সংবাদ সম্মেলনেও এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মার্কিন প্রেসিডেন্ট। 
IMG1
একই দিনে আকস্মিক বৈঠক করেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার নেতারা। ২৭ মে সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন। মঙ্গলবার ট্রাম্প-কিমের বৈঠকের খবর সংগ্রহ করতে প্রায় তিন হাজার সাংবাদিক সিঙ্গাপুরে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও সিএনএন।
 
ইত্তেফাক/সেতু