মির্জাপুরে মেশিনে গামছা পেচিয়ে এক শ্রমিকের মৃত্যু

আপডেট : ১০ জুন ২০১৮, ২০:৪২
মেশিনে গামছা পেচিয়ে মো. নুরুল ইমলাম নুরু (৩৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পিতার নাম মোঃ মুসা মুন্সি। আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া নুর চানাচুর কারখানায় এ ঘটনা ঘটেছে। নুরুল ইসলামের বাড়ি টাঙ্গাইল সদরের মিরপুর এলাকায়।
 
বাঁশতৈল পুলিশ ফাঁড়ি থেকে জানা যায়, আজ রবিবার সকালে নুরুল ইসলাম নুর চানাচুর কারখানার ভিতরে কাজ করছিলেন। সেখানে অসাবধানে তার শরীরে থাকা গামছা মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হন। তিনি ঘটনাস্থলেই মারা যান।
 
স্থানীয় লোকজনের সহযোগিতায় নুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 
 
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু