সোমবার সকাল ১০টায় গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে শেখ হাসিনার কারা মুক্তিদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বিএনপির নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি বলেন, জেল কোড অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এবার নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই সংসদ বহাল রেখেই আগামী নির্বাচন। বিএনপির দাবি মানার ও তাদের সঙ্গে সংলাপের কোন সুযোগ নাই। তিনি আরও বলেন, আইনী লড়াই ছাড়া বেগম জিয়াকে মুক্ত করার কোন পথ নাই। ১/১১ কুশীলবরা বিএনপির ঘাড়ে আবার সওয়ার হয়েছে।
সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, 'আজ ১১ জুন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারামুক্তি দিবস। ২০০৮ সালের ঐ দিনে মিথ্যা ও হয়রানীমূলক মামলা থেকে মুক্ত হন তিনি। জাতির আশা আকাংখার প্রতীক জাতির স্বপ্নের রূপকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। ১১ জুন কেবল শেখ হাসিনার মুক্তি ছিলো না, ছিলো গণতন্ত্রের মুক্তি। এই মুক্তির মাধ্যমে সত্যের জয় প্রতিষ্ঠিত হয়। এই মুক্তি অপশাসন থেকে দেশকে উত্তরনের পথ করে দেয়। এই মুক্তি জন আকাংক্ষার বাস্তবায়ন। এই মুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পা বাড়ায়।'
তিনি আরও বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ২০০৭ এর ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়েছিল গণতন্ত্রকে বন্দী করার জন্য। মানুষের অধিকার হরনের জন্য। আওয়ামী লীগকে দ্বিখণ্ডিত করার জন্য। কিন্তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়, রাজনৈতিক প্রজ্ঞা, সততা এবং দেশপ্রেমের জন্য তিনি তার বিরুদ্ধে সব অপপ্রচার ও কুৎসাকে অতিক্রম করেন।
তিনি আরও বলেন, তাই আজকের দিনটি কেবল শেখ হাসিনার কারামুক্তি দিবস নয়, এই দিনটি জনগণের ক্ষমতায়নের মুক্তির দিবস।
এ সময় আরও বক্তব্য রাখেন, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মোঃ ফারুক হোসেন, আব্দুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, ইঞ্জিঃ নিখিল গুহ, যুগ্ম-সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক মুহাঃ বদিউল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী স¤্রাট, উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডল সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জাকিয়া সুলতানা শেফালী, নির্বাহী সদস্য রওশন জামির রানা, এনআই আহমেদ সৈকত, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন প্রমুখ।
ইত্তেফাক/নূহু
