ছেলেধরার গুজবে ২ তরুণকে পিটিয়ে হত্যা করেছে ভারতের গ্রামবাসী

আপডেট : ১১ জুন ২০১৮, ২০:০৯
ভারতের আসামে শনিবার ২ তরুণকে ছেলেধরা ভেবে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এর আগে কে বা কারা সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে গুজব ছড়ায়। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ভারত জুড়েই হোয়াটস অ্যাপে ছেলেধরার গুজব ছড়িয়ে পড়ছে। গতমাসেও এই ধরনের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।
 
নিহত দুজনের একজনের নাম নীলোৎপল দাস, তিনি একজন অডিও ইঞ্জিনিয়ার এবং অন্যজন অভিজিৎ নাথ একজন ডিজিটাল আর্টিস্ট। দুজনেই আসামের সবচেয়ে বড় শহর গোয়াহাটির বাসিন্দা। উত্তর-পশ্চিম আসামের একটি গ্রাম ভ্রমণ করতে গিয়েছিলেন তারা।
 
পুলিশ জানিয়েছে, গ্রামটিতে তারা পথ জানতে চাওয়ার জন্য থামতেই আক্রমণের শিকার হয়। সেই আক্রমণেরই একটি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে একজনকে জীবন ভিক্ষা চাইতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি হাত জোর কর বলছে, ‘আমাকে মারবেন না, দয়া করে আমাকে মেরে ফেলবেন না। আমি আসামেরই সন্তান। আমাকে যেতে দিন।’
তবে ছড়িয়ে পড়া বার্তাগুলোর স্বরূপ উদঘাটনে কাজ করে যাচ্ছে ভারতের সরকার। সিনিয়র পুলিশ কর্মকর্তা মুকেশ আগারওয়াল বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন গুজব ছড়িয়ে পড়ে তখন সেগুলো রোধ করতেও কিছুটা সময় লেগে যায়। পুলিশ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে নজর রাখছে এই ধরনের বার্তা ছড়িয়ে পড়া রোধ করতে। এনডিটিভি।
 
ইত্তেফাক/সেতু