সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে : বিমানমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০১৮, ২২:১৪
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়ে সকল ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের কাছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হিসেবে কাজ করবে সরকার। নির্বাচন নিয়ে বিএনপি দেশে কোনো ধরণের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। 
 
সোমবার বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
 
এ কে এম শাহজাহান কামাল বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না। বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। জিয়াউর রহমান বন্দুকের নল দিয়ে হত্যা ও ক্যু করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। সেই সময় স্বাধীনতাবিরোধী শক্তি ও জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করার মাধ্যমে বাংলার মাটিতে বিএনপি হত্যার রাজনীতি শুরু করে।
 
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ইতোমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ করে যাচ্ছি।’ তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। 
 
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি