বাজপেয়ীকে দেখতে হাসপাতালে মোদী

আপডেট : ১১ জুন ২০১৮, ২৩:৩৮
হাসপাতালে ভর্তি ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সোমবার বিকালে তাকে দেখতে দিল্লির এইমস হাসপাতালে যান মোদী৷ সেখানে গিয়ে কথা বলেন বাজপেয়ীর পরিবার-পরিজনদের সঙ্গে৷ চিকিৎসরত ডাক্তারদের কাছ থেকে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন৷
 
অন্যদিকে এইমসের ডাক্তাররা জানিয়েছেন, বাজপেয়ীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল৷ তবে কতদিন তাকে হাসপাতালে রাখা হবে সেটা নির্ভর করবে তার শারীরিক অবস্থার উপর৷ তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন দিল্লি এইমস হাসপাতালের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া। হাসপাতাল থেকে জানানো হয়েছে- বাজপেয়ী এখন সু্স্থ ও স্বাভাবিক আছেন৷ কবে তিনি এইমস থেকে ছাড়া পাবেন সেই সিদ্ধান্ত পরে ঠিক করা হবে৷
 
প্রসঙ্গত রুটিন চেক আপের জন্য এ দিনই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এইমসে নিয়ে যাওয়া হয়৷ সেখানে অটল বিহারী বাজপেয়ীকে পর্যবেক্ষণে রাখা হয়। হাসপাতালে ভর্তি থাকার খবর পেয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এইমসে যান৷ পরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে প্রায় ৫০ মিনিট ছিলেন তিনি৷ পরে একে একে যান লালকৃষ্ণ আদবানি ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
 
অটল বিহারী বাজপেয়ী ভারতের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে তিনি মাত্র ১৩ দিনের জন্য প্রথমবার প্রধানমন্ত্রী হন তিনি৷ এরপর ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত পূর্ণমেয়াদের এনডিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী।
 
ইত্তেফাক/ইউবি