বিশ্বকাপে মরিনহোর বাজি ইংল্যান্ড

আপডেট : ১২ জুন ২০১৮, ১৪:১০
 
আসন্ন ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ভালো করবে বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ পর্তুগালের হোসে মরিনহো। নিজ দেশ পর্তুগালকে নিয়ে আশাবাদী নন তিনি। ব্রিটিশ প্রচারমাধ্যমের কাছে বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী করেছেন মরিনহো।
 
তিনি বলেন, ‘ইংল্যান্ড এবারের আসরে ভালো করবে। অনেক দূর যাবে তারা। তবে পর্তুগাল-ব্রাজিল বা আর্জেন্টিনা বড় সাফল্য পাবে না।’
 
১৯৬৩ সালে পর্তুগালে জন্ম নেন মরিনহো। তবে দেশের হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি। দেশের ঘরোয়া ফুটবলের চারটি ক্লাবের হয়ে আশি দশকে ৯৪টি ম্যাচ খেলেছেন মিডফিল্ডার মরিনহো। খেলোয়াড় হিসেবে সুনাম না কুড়ালেও ম্যানেজার হিসেবে বিশ্ব ফুটবলের মঞ্চে সুনামের কমতি নেই তার।
 
২০০০ সালে বেনফিকা দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন মরিনহো। এরপর ছয়টি ক্লাবে কোচের দায়িত্ব পালন করেন তিনি। প্রায় সব দলকেই সেরা সাফল্যর স্বাদ দিয়েছেন ৫৫ বছর বয়সী মরিনহো। যেসব দলের দায়িত্বে তিনি ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো পর্তুগীজ ক্লাব ডেসপোর্তিভা ডি লেইরিয়া, পোর্তো, চেলসি, ইন্টারমিলান, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড।
 
বর্তমানে ম্যান ইউ’র কোচের ধারণা গ্রুপ পর্বের বাঁধা সহজেই পেরিয়ে যাবে ইংল্যান্ড। সেখানে ইংলিশরাই সেরা হবে বলে মনে করেন তিনি, ‘গ্রুপে ইংল্যান্ডের কোন বড় বাঁধা নেই। বেলজিয়াম ভালো দল। তবে বেলজিয়ামকে হারাতে কোন সমস্যা হবে না ইংলিশদের। তাই গ্রুপের সেরা হিসেবেই পরের রাউন্ডে খেলবে ইংল্যান্ড।’
 
ইংল্যান্ড ও স্পেনের সাথে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে সেরা হবার কাতারে রেখেছেন মরিনহো। তবে বিশ্ব ফুটবলের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের কোন সম্ভাবনা দেখছেন না নিজেকে এক নম্বর কোচ হিসেবে দাবি করা ৫৫ বছর বয়সী মরিনহো।
 
ইত্তেফাক/মোস্তাফিজ