শিবচরে স্কুলছাত্রী গণধর্ষণের মূলহোতা পারভেজ গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৫

মাদারীপুরের শিবচরে এক স্কুলছাত্রী গণধর্ষণের মূলহোতা পারভেজকে মোবাইল ট্রাকিংসহ প্রযুক্তির ব্যাবহার করে ঢাকা থেকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। শুক্রবার বেলা ১১টায় মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি গ্রামের দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর সঙ্গে একই এলাকার পারভেজ মুন্সির (২১) প্রেমের সম্পর্ক চলছিল। চলতি বছরের ৫ মার্চ পারভেজ ওই স্কুল ছাত্রীকে পার্শ্ববর্তী শিবচরের দত্তপাড়া ইউনিয়নের একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে তার আরো দুই সহযোগীসহ গণধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মাদারীপুর আদালতের মাধ্যমে শিবচর থানায় গণধর্ষণ ও ধর্ষণের ছবি প্রকাশের অভিযোগে মামলা দায়ের হলে পারভেজ ও তার সহযোগীরা গা ঢাকা দেয়। পুলিশ দীর্ঘদিন মোবাইল ট্রাকিংসহ প্রযুক্তির ব্যাবহার করে পারভেজের অবস্থান নিশ্চিত হয়। বৃহস্পতিবার দুপুরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ শওকত হোসেন ও এসআই মাজেদ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ গৌরনদীতে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১০

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার বলেন, ‘ধর্ষণের মামলাগুলো আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। শিবচরে স্কুল ছাত্রী গণধর্ষণের মূলহোতা পারভেজ মুন্সিকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

ইত্তেফাক/নূহু