হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছিল: নাসিম

আপডেট : ১২ জুন ২০১৮, ২০:২৯
বিএনপি জামাত জোট আমলে উন্নয়নের নামে হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়ন করে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন। শেখ হাসিনার সরকার সফলভাবে জঙ্গী দমন করেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ শুরু করেছেন, সিরাজগঞ্জে যমুনা নদী ভাঙ্গনে হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
 
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় যমুনা নদীর ভাঙ্গন রোধে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনকালে বিএনপি প্রায়শই বলে থাকে দেশে কোন উন্নয়ন হচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ দেশের সফল নেত্রী মন্তব্য করে আরো বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গী দমন করেছেন, বিদ্যুত সমস্যার সমাধান করেছেন, মাদক নির্মুলে কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন। 
 
পরে মন্ত্রী জেলা পুলিশ আয়োজিত পুলিশ লাইন্স মাঠে ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন। ইফতার মাহফিলে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি. সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান প্রমুখ।
 
ইত্তেফাক/রেজা