ট্রাক থেকে চাঁদা তোলার সময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য তসলিম উদ্দিন (৩১)। সে শহরের বিশ্বাসপাড়া মহল্লার তাহসিন উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় জেলা শহরের রেলগেট সংলগ্ন তৃপ্তির মোড়ে।
জয়পুরহাট থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক সহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলাই হচ্ছে তসলিম উদ্দিনের পেশা। সেই ট্রাকের নিচে এবার নিজের জীবনটাও দিলেন। চলন্ত ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে থাকেন তসলিম।
মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় পঞ্চগড় থেকে আসা বাঁশ ভর্তি একটি ট্রাক (নং ঢাকা মেট্রো ট-১৮-০৭৮১) তৃপ্তির মোড়ে থামিয়ে চাঁদা নিয়ে ট্রাক থেকে নামার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকের চাকার নিচে পড়ে যায় তসলিম। এ সময় তসলিমের ওপর দিয়ে ট্রাক চলে গেলে কোমর থেকে ওপরের অংশ পিষ্ট হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং তসলিমের পিষ্ট হওয়া মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় পুলিশ বাঁশ বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।
ইত্তেফাক/নূহু
