চট্টগ্রামের বাঁশখালীতে ৭টি অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার ভাদালিয়া হারুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলো, দক্ষিণ সরল এলাকার মৃত অজি উল্লাহর ছেলে ওমর মাদু প্রকাশ মাইদ্যা (৪৫) ও একই এলাকার সুলতান আহমদের ছেলে মোহাম্মদ আলী (৫০)।
বুধবার দুপুরে চট্টগ্রামের হালিশহরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ এই গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের ঘটনা সাংবাদিকদের অবহিত করেন।আটক ব্যক্তিদের নামে বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সুত্র জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে বাঁশখালী থানার ওসি সালাহ উদ্দিন হিরার নেতৃত্বে পুলিশ উপজেলার ভাদালিয়া হারুন বাজার এলাকায় চেকপোস্ট বসানো হয়। এক পর্যায়ে ভোর ৪টার দিকে দ্রুত গতির একটি সিএনজি থামিয়ে তাদের তল্লাশি চালানো হয়। এ সময় পিছনের সিটে বসা ডাকাতদ্বয় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে।
পরে গাড়ির পিছন থেকে বাস্তাভর্তি ৪টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৩টি এলজিসহ ৭টি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রগুলো আন্তঃজেলা ডাকাত সরদার সরলের জাফর ডাকাতের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে আটক ব্যক্তরিা।
উল্লেখ্য, গত মাসে অস্ত্র ব্যবসায়ী জাফর ডাকাতের অস্ত্র আমদানী করার সময় আরো চালান আটক করেছিল বাঁশখালী থানা পুলিশ।
ইত্তেফাক/নূহু
