ইয়েমেন: হুদায়দাহ বন্দরে হামলা প্রসঙ্গে নিরাপত্তা পরিষদের বৈঠক

আপডেট : ১৪ জুন ২০১৮, ১৩:৪৭
ইয়েমেনের আল-হুদায়দাহ বন্দরে সৌদি আরব-নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের পর জরুরি আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে। ব্রিটেনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। ইয়েমেন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ বৈঠক হলে চলতি সপ্তাহে পরিষদের এটি হবে দ্বিতীয় বৈঠক। কূটনীতিকরা একথা জানান।
 
জাতিসংঘ ইয়েমেনের প্রধান বন্দরে জোটের সামরিক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। কেননা, এতে ইয়েমেনের লাখ লাখ লোকের কাছে বাণিজ্যিক পণ্য ও মানবিক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।

এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সতর্ক করে বলেছেন যে, হুদায়দাহর চারদিকে সামরিক অভিযান চালিয়ে এ বন্দর দিয়ে আসা পণ্যের সরবরাহ অবশ্যই বাধাগ্রস্ত করা যাবে না।

জনসন বলেন, এ জোট আমাদেরকে আশ্বস্ত করেছে যে সেখানে অভিযান পরিকল্পনায় মানবিক বিষয় তাদের বিবেচনায় রয়েছে। ইয়েমেনের বর্তমান পরিস্থিতিতে দেশটিতে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রির সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসস।
 
ইত্তেফাক/ জেআর