মালামাল পরিবহনের জন্য এ রাস্তায় ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ২০:২২

মানিকগঞ্জ ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের ঘিওর ভায়া সিংজুরি, তিল্লী প্রায় ২০টি গ্রামের চলাচলের একমাত্র সড়কের বেহাল অবস্থা। এখনও মালামাল পরিবহনের জন্য ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা।

অবিশ্বাস্য হলেও সত্য যে, আধুনিক যুগে আমাদের বসবাস হলেও এখনও মুঘল আমলের মতো এদেশের অনেক জায়গায় আধুিনকতার ছোঁয়া লাগেনি। ফলে পুরনো যুগের যানবাহন ঘোড়ার গাড়িতে করেই মালামাল পরিবহন করতে হচ্ছে। 

উপজেলার এলজিইডির মাধ্যমে পাওয়া রাস্তার দু’পাশ প্রশস্ত করার কাজটি নিয়ে ঠিকাদারের অবহেলার কারণে রাস্তার কাজে চরম ধীর গতি চলছে। এতে করে গত এক বছর ধরে সড়কে যানবাহন চলাচলে সাধারণ মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দুর্ভোগের আরও মাত্রা যোগ হয়েছে বর্ষা মৌসুমের কারণে। গত এক সপ্তাহের বৃষ্টিতে সড়কের পাশে পানি জমেছে। বিষয়টি মোটেও আমলে নিতে চাইছে না প্রশাসন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা। ঈদুল আযহার পূর্বে সড়কের মধ্যে বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সংস্কার না করলে চরম ভোগান্তি পোহাতে হবে এসব অঞ্চলের মানুষকে। এলাকাবাসী এ দুর্ভোগ থেকে পরিত্রাণ চাচ্ছে। 

আরও পড়ুনঃ পদ্মা সেতুর রেলওয়ের গার্ডার স্থাপন শুরু

উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ সাজ্জাকুর রহমান বলেন, ‘আমি রাস্তাটি পরিদর্শন করে এসেছি। ঠিকাদার রাস্তাটিতে ইতিমধ্যে মাটি ফেলেছে। কাজের মধ্যে কোনো গাফলতি থাকলে তাকে লিখিতভাবে জানাবো। তার বিরুদ্ধে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সাতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/নূহু