সম্রাট আকবর 'মহান' ছিলেন না, দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৬:৫৪
আকবর কোনও মহান সম্রাট ছিলেন না। সেই উপাধি পাওয়া উচিৎ মহারানা প্রতাপের। ইতিহাসের নব ব্যাখ্যা দিয়ে ফের বিতর্ক শুরু করলেন যোগী আদিত্যনাথ।
 
বৃহস্পতিবার লখনউতে এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  সম্রাট আকবরকে 'মহান' সম্রাট হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। তার যুক্তি, 'এই উপাধি একমাত্র মহারাণা প্রতাপের পাওয়া উচিৎ। কারণ শুধুমাত্র তিনিই আকবরের বিরুদ্ধে যুদ্ধে নামার সাহস দেখিয়েছিলেন। কোনো বিদেশির হাতে দেশের শাসনভার তুলে দিতে তার ঘোরতর আপত্তি ছিল।'
 
এর পর যোগী বলেন, 'বিকৃত ইতিহাস দ্বারা পরিচালিত কোনো সমাজ ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়তে পারে না। মহারাণা প্রতাপের অসীম সাহস ও তার আপসহীন জীবন থেকে অনুপ্রেরণা পেতে পারেন তরুণরা।'
 
প্রসঙ্গত, ২০১৭ সালে ইতিহাস বই থেকে সমস্ত মুঘল শাসকের নাম মুছে দেয়ার দাবি জানিয়েছিলেন মীরাটের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। তার মতে, মুঘল শাসকরা সকলেই বিশ্বাসঘাতক ছিলেন।
 
মাত্র দুই দিন আগে বালিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং তাজমহলের নাম পাল্টে প্রভু রাম মহল, কৃষ্ণ মহল বা রাষ্ট্রভক্ত মহল রাখার আবেদন জানিয়েছিলেন।  
 
সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরীর মতে, 'নির্বাচন এগিয়ে এলেই জাতি-ধর্মের বিচারে সমাজকে দ্বিখণ্ডিত করার খেলায় নামে বিজেপি। এই রকম সব অর্থহীন পরিবর্তন করে ওঁরা ইতিহাস মুছে ফেলতে পারেন না।' এই সময়
 
ইত্তেফাক/ইউবি