চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার নিমতলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের চিরিঙ্গার প্রবীণ শিক্ষক হৃদয় রঞ্জন দাশ (৭০), তার স্ত্রী বাসন্তী দাশ (৫৫) এবং জামাতা শিবাকর দাশ (৪০)। এদের মধ্যে হৃদয় রঞ্জন দাশ এবং বাসন্তী দাশ ঘটনাস্থলে প্রাণ হারান। শিবাকর দাশকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, দ্রুতগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই বাসযাত্রী নিহত এবং ১৬ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার জানান, পটিয়াতে সড়ক দুর্ঘটনায় আহত ১৬ বাসযাত্রীকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।
ইত্তেফাক/ইউবি
