পূর্বধলায় অটোরিক্সা চাপায় শিশু নিহত

আপডেট : ১৭ জুন ২০১৮, ১৮:৩০
নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিক্সার নিচে চাপা পড়ে সালমা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পূর্বধলা-ঘাগড়া সড়কের বেড়াইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা উপজেলার খলিশাউর ইউনিয়নের খলিশাউড় গ্রামের সাইদ মিয়ার মেয়ে।
 
নিহতের স্বজনরা জানান, রবিবার সকালে সালমা তার মা, বাবার সঙ্গে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সে তার মামাবাড়ির পাশ দিয়ে যাওয়া পূর্বধলা-ঘাগড়া সড়কের রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
 
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান মিজান জানান, পুলিশ নিহত শিশু সালমার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের বাবা সাইদ মিয়া বাদী হয়ে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া গ্রামের অটোরিক্সাচালক আল-আমিনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু