টেকনাফে জুয়ার আসর নিয়ে সংঘর্ষ, ফাঁকা গুলিবর্ষণ

আপডেট : ১৭ জুন ২০১৮, ২০:১৪
টেকনাফে রোহিঙ্গা বস্তি নেতাদের যোগসাজশে ঈদুল ফিতর উপলক্ষ্যে জমজমাট জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এ জুয়ার আসর নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর ভেঙে দিয়েছে।
 
এ সময় জুয়ার আসর সংশ্লিষ্ট উত্তর লেদার মৌলভীপাড়ার মোহাম্মদ হোছেন মাতুর পুত্র নুর নবীর সঙ্গে তর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরধরে হারুন গং নুর নবীকে লক্ষ্য করে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে সে গাছের আড়ালে গিয়ে আত্মরক্ষা করে। এই ঘটনার পর পরই সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
 
জুয়ার আসরে বাঁধা দেওয়া ও সংঘর্ষের জের ধরে গুলিবর্ষণের খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লেদা রোহিঙ্গা বস্তির জুয়ার আসর গুড়িয়ে দেয়। পুলিশ চলে যাওয়ার পর আবারো এই জুয়ার আসর বসে।
 
এই ব্যাপারে অভিযুক্ত হারুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নুর নবী আলীখালীতে ৫/৬টি জুয়ার আসর বসিয়ে শিশুদের টাকা হাতিয়ে নিচ্ছে। অভিভাবকদের মৌখিক অভিযোগের কারণে প্রতিবাদ করলে মারতে আসায় এই ধরনের ঘটনার সুত্রপাত।
 
লেদা রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান আব্দুল মতলব জানান, জুয়ার আসরের বিষয়ে আমি কিছু জানি না। জুয়ার আসর নিয়ে গোলাগুলির খবর পেয়ে পুলিশকে খবর দিই। এসবের প্রতিবাদ করায় মারতে আসায় আমরা নীরব রয়েছি। পুলিশ গুড়িয়ে দেওয়ার পরও আবারো বসিয়েছে।  
 
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ূয়া জানান, ক্যাম্পে এই ধরনের কর্মকাণ্ড কোন অবস্থাতেই চলতে দেওয়া হবে না।
 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হোসেন জানান, ক্যাম্প ডেভেলপমেন্ট কমিটি এই ধরনের কাজ করার এখতিয়ার নেই। এই ঘটনার সংশ্লিষ্টতার প্রমাণ পেলে কমিটি বাতিল করা হবে।
 
ইত্তেফাক/নূহু