বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত সূচনা করেছে মেক্সিকো। প্রথমার্ধের খেলা শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দলটি। রবিবার রাত ৯টায় শুরু হয়েছে এই ম্যাচ।
মেক্সিকোর পক্ষে গোলটি করেছেন হার্ভিং লোজানো। খেলার ৩৫ মিনিটে সবাইকে চমকে দিয়ে গোলটি করেন তিনি। নিখুত পাসের মাধ্যমে মেক্সিকো আক্রমণে যায়। যেই আক্রমণে বাঁ দিকে থাকা লোজানো বল পান। গোলপোস্টের সামনে দুর্বল চ্যালেঞ্জ মোকাবেলা করে দুর্দান্তভাবে বল পাঠিয়ে দেন জার্মানির জালে। ম্যানুয়েল নয়্যারের যেন এই বলে করার আর কিছুই ছিল না।
এক গোলে পিছিয়ে যাওয়ার পর জার্মানিও মরিয়া হয়ে খেলতে থাকে। একাধিকবার তারা আক্রমণের চেষ্টা করলেও মেক্সিকোর রক্ষণভাগ দুর্দান্তভাবে সেসব আক্রমণ রুখে দেয়। ৪১ মিনিটে বক্সের বাইরে থকে টনি ক্রুস দুর্দান্ত একটি ফ্রিকিক নিয়েছিলেন। কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে মেক্সিকোর গোলরক্ষক গোলের্মো ওচোয়া সেই ফ্রিকিক রুখে দিতে সক্ষম হন। এরপর দু’দল আর কোনও গোলের সুযোগ না পাওয়ায় ১-০ তে পিছিয়ে থেকেই বিরতিতে যান মুলার-ওজিলরা।
ইত্তেফাক/কেআই
