বদলে গেছে মেসিডোনিয়ার নাম

আপডেট : ১৮ জুন ২০১৮, ০৯:৪৯
বদলে দেয়া হয়েছে ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেশ মেসিডোনিয়ার নাম। প্রতিবেশী দেশ গ্রিসের সঙ্গে দীর্ঘদিন ধরে এই নাম নিয়ে বিরোধ চলছিল মেসিডোনিয়ার। অবশেষে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ওই বিরোধের মীমাংসা হয়েছে। চুক্তির অধীনে মেসিডোনিয়ার নতুন নাম হয়েছে ‘রিপাবলিক অব নর্থ মেসিডোনিয়া’। এ খবর দিয়েছে বিবিসি।
 
খবরে বলা হয়, এতদিন পর্যন্ত গ্রিসের আপত্তির কারণে তারা ইইউ বা ন্যাটোর সদস্য হতে পারছিল না। নাম পরিবর্তনের ফলে এখন ‘নর্থ মেসিডোনিয়া’ ইউরোপীয় ইউনিয়নে এবং ন্যাটো জোটে যোগ দিতে পারবে।
 
সাবেক যুগোস্লাভিয়া ভেঙ্গে যখন মেসিডোনিয়া আলাদা রাষ্ট্র হয়, তখন থেকেই নাম নিয়ে তাদের সঙ্গে গ্রিসের তীব্র বিরোধ চলছে। গ্রিসের উত্তরাঞ্চলীয় একটি রাজ্যের নামও মেসিডোনিয়া। একই নামের কারণে সেখানে সীমানা নিয়ে বিরোধ তৈরি হতে পারে বলে তাদের আশংকা ছিল। আর এ কারণেই গ্রিস ইউরোপীয় ইউনিয়নে এবং ন্যাটো জোটে মেসিডোনিয়াকে সদস্য করার বিরুদ্ধে আপত্তি জানায়।
 
বিরোধী মীমাংসায় দু’দেশের মধ্যে যে চুক্তি হয়েছে, তাতে একথাটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে, উত্তর মেসিডোনিয়ার সঙ্গে প্রাচীন গ্রীক সভ্যতার কোন সস্পর্ক নেই এবং তাদের ভাষা আসলে স্লাভ ভাষাগোষ্ঠীর অংশ, এর সঙ্গে গ্রীক ঐতিহ্যের কোন সম্পর্ক নেই।
 
নতুন চুক্তি অনুযায়ী, এখন থেকে মেসিডোনিয়ার ভাষা হবে মেসিডোনিয়ান এবং নাগরিকদেরও ডাকা হবে মেসিডোনিয়ান বলে।
 
ইত্তেফাক/ জেআর