অবশেষে ৬০০’র বেশি অভিবাসী ও শরণার্থী নিয়ে স্পেনে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ দ্য একুয়ারিস। কয়েকদিন ধরে ইউরোপের অভিবাসন নীতিমালা নিয়ে সৃষ্ট রাজনৈতিক ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ছিল এই অভিবাসী ও শরণার্থীরা। তবে রবিবার একুয়ারিসসহ তিনটি জাহাজে করে স্পেনের ভ্যালেন্সিয়া বন্দরে পৌঁছেছেন তারা। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় আগে লিবিয়ার উপকূল থেকে এই অভিবাসী ও শরণার্থীদের দলকে উদ্ধার করা হয়। তবে ইতালির নব-নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভেনি তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানালে সমুদ্রে ভেসে থাকতে বাধ্য হয় তারা। পরবর্তীতে স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাদের গ্রহণ করবে বলে জানান।
রবিবার প্রথমে দাতিল্লো ও অরিয়নে নামের দু’টি কোস্ট গার্ড জাহাজে করে কিছু সংখ্যক শরণার্থী ও অভিবাসী ভ্যালেন্সিয়া বন্দরে পৌঁছায়। এর দুই ঘণ্টা পর সেখানে পৌঁছায় একুয়ারিস। একুয়ারিসে শরণার্থীদের সংখ্যা অতিরিক্ত বেশি হয়ে যাওয়ায় শরণার্থীদের তিনটি আলাদা জাহাজে করে পৌঁছানো হয়।
ক্লান্ত শরণার্থীদের সাহায্য করতে বন্দরে উপস্থিত হয়েছিল ২ হাজার ৩০০ স্বেচ্ছাসেবী। এর মধ্যে রেড ক্রসের এক হাজার স্বেচ্ছাসেবী, ৪০০ অনুবাদক ও ৪৫০ জন জাতীয় পুলিশকর্মী ও বেসামরিক নিরাপত্তারক্ষীরা ছিলেন।
ইত্তেফাক/ জেআর
