ফুলবাড়িতে তিনদিনের সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ৪০জন আহত

আপডেট : ১৮ জুন ২০১৮, ১৬:৩৩
দিনাজপুরের ফুলবাড়িতে তিনদিনের সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ ৪০জন আহত হয়েছেন। এদের মধ্যে আহত তিন নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
গত শনিবার (১৬জুন) থেকে গতকাল সোমবার পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনাগুলো ঘটেছে। আহত তিন নারী হলেন, বিরামপুর উপজেলার নওদাপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী শাহানারা বেগম (৫৫), একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী রেখা বেগম (৪০) ও মুকুন্দপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী নূর নাহার (৮০)।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার (১৬জুন) ঈদের দিন বেলা ১১টায় ফুলবাড়ি-বিরামপুর সড়কের জয়নগর নামক স্থানে মাইক্রোবাস উল্টে গিয়ে তিন নারীসহ পাঁচজন আহত হন। 
 
ওইদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৬জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। একইভাবে গত রবিবার সড়ক দুর্ঘটনায় আহত ১৫জনকে এবং গতকাল সোমবার ৬জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। 
 
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্চয় কুমার গুপ্ত বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে একটি মাইক্রোবাস উল্টে যাওয়া ছাড়া বাকি সবগুলো মোটরসাইকেল দুর্ঘটনায় আহত। এদের বয়স ১৭ থেকে ২৫ এর মধ্যে।
 
থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু দাস বলেন, ঈদের দিন থেকে তিনি সড়কের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। শুধুমাত্র ঈদের দিন উঠতি যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে অন্তত ২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোসহ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হিমশিম খেতে হয়েছে। উঠতি যুবকরা ঈদের নামাজ শেষ করেই নিজ নিজ বাড়ি থেকে অভিভাবকদের মোটরসাইকেল নিয়ে বের হয়। এক-একটি মোটরসাইকেলে তিন থেকে চারজন নিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে ওইসব দুর্ঘটনা ঘটেছে।
 
ইত্তেফাক/নূহু