জামালপুরে দুই সিএনজির মুখোমুখি সংর্ঘষে হেলেনুর রহমান নামে এক এএসআইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো চার জন। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তবে গুরুতর আহতদের নাম ও পরিচয় তৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার বিকেল ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জামালপুরের জেলার শেষ সীমানা ঘোরাধাপ ইউপির চারঘাট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই এর বাড়ী জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আগ পয়লা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এএসআই হেলানুর রহমান ঢাকার এসবিতে কর্মরত ছিলেন। তিনি ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ী এসেছিলেন। ঢাকায় কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিক্সা যোগে জামালপুর থেকে ময়মনসিংহের উদ্যেশে রওয়ানা হন তিনি। অটোরিক্সাটি জামালপুর-ময়মনসিংহ সড়কের চারঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এএসআই হেলেনুরের মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেআই
