বাণিজ্য যুদ্ধে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র! বেশ কিছুদিন ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চরমে পৌঁছে। এরপর স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক বসানোর পর ইউরোপ, কানাডা এবং ভারতের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের। শুক্রবার চীন জানায়, তারা তেলসহ আরো মার্কিন পণ্যে শুল্ক আরোপ করছে। একই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।
বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্য আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। বিভিন্ন চীনা পণ্যের ওপর প্রথমদিকে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর স্টিল এবং অ্যালুমিনিয়াম আমদানিতেও ২৫ ভাগ শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। চীনও মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করে। ইউরোপীয় ইউনিয়ন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে। ফ্রান্স, জার্মানিসহ ইইউভুক্ত বিভিন্ন দেশ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে দিয়েছে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, চীনা পণ্যের ওপর আরো শুল্ক আরোপ করা হবে যা থেকে ৫০ বিলিয়ন ডলার আয় হবে। আগামী ৬ জুলাই থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। এরপর শুক্রবার চীন ঘোষণা করে, তারা তেলসহ বিভিন্ন মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে। চীনের এই ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে দরপতন হয়েছে।
গত কয়েক মাসে চীনে মার্কিন ক্রুড ওয়েলের রপ্তানি অনেক বেড়েছিল। শুক্রবার থেকে মার্কিন তেল কোম্পানি এক্সন মোবিল এবং শেভরনের শেয়ারে এক থেকে দুই ভাগ পতন হয়েছে। একটি তেল কোম্পানির কর্মকর্তা জানিয়েছেন, এর ফলে চীনে মার্কিন তেল রপ্তানি কমে যাবে। কারণ চীন ক্রুড ওয়েলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্থলে ইরানকে বসাতে চাইছে।
স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করায় ক্ষেপেছে কানাডা এবং ভারতও। গত মার্চে প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণা দেন। গত ১৬ জুন ভারত বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে, তারা ৩০টি মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছে। ৫০ ভাগ শুল্ক বাড়ানো হবে। স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক আরোপ করায় ভারতের ২৪০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
মার্কিন পণ্যের মধ্যে আপেল, মোটরসাইকেল, যন্ত্রপাতি এবং চিংড়িও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, যুক্তরাষ্ট্রে শুল্ক আরোপ করায় ভারতের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে হবে। এজন্যই পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার।- খবর রয়টার্স ও কোয়ার্টজের।
ইত্তেফাক/মোস্তাফিজ
