সিরিয়ার মানবিজে টহল শুরু করেছে তুর্কি বাহিনী

আপডেট : ১৯ জুন ২০১৮, ১০:১৯
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের উপকন্ঠজুড়ে মার্কিন সহযোগিতায় টহল দেয়া শুরু করেছে তুর্কি বাহিনী। এই মাসের শুরুর দিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছিল। এরপর, সোমবার  টহল শুরু করার ঘোষণা শোনা যায়। প্রসঙ্গত, তুরস্ক কুর্দি যোদ্ধাদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। এ খবর দিয়েছে আল জাজিরা।
 
খবরে বলা হয়, সোমবার মানবিজ ও এর পার্শ্ববর্তী এলাকায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে নতুন অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে তুর্কি সেনাবাহিনী। গত দুই বছরে সিরিয়ায় চালানো বিভিন্ন অভিযানে এই অঞ্চলগুলোতে বেশ প্রভাব সৃষ্টি করেছে তুরস্ক।
 
এক টুইটে সেনাবাহিনী জানায়, পূর্বে সম্মত হওয়া মানবিজ রোডম্যাপ এন্ড প্রিন্সিপালস অনুসারে, তুর্কি সশস্ত্র বাহিনী ও মার্কিন সশস্ত্র বাহিনীর সেনারা মানবিজ ও (তুরস্ক- নিয়ন্ত্রিত) এলাকার মধ্যকার রেখায় স্বাধীনভাবে টহল কার্যক্রম শুরু করেছে।
 
এ বিষয়ে তুর্কি প্রেসিডেন্ট এক সমাবেশে দেয়া ভাষণে বলেন, আমরা আগেই বলেছি যে, ওই সন্ত্রাসী সংগঠনটি মানবিজ ছেড়ে যাবে। আমরা মানবিজে টহল অভিযান শুরু করা নিয়ে কথা বলেছি।
 
আনকারা অনুসারে, তুর্কি মানবিজ ও তুরস্ক-নিয়ন্ত্রিত এলাকায় ১৯০জন সেনা মোতায়েন করেছে। ৫ জুলাইয়ের মধ্যে সেখানে আরো সেনা মোতায়েন করা হবে।
 
মার্কিন-তুর্কি রোডম্যাপ
 
মানবিজ ২০১৬ সালের আগ পর্যন্ত জঙ্গি গোষ্ঠী আইএসের নিয়ন্ত্রণে ছিল । তবে ২০১৬ সালে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) আইএসের কাছ থেকে শহরটি পুনর্দখল করে। সেসময় এসডিএফের একটি বড় অংশ ছিল-কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটসের(ওয়াইপিজি)- সদস্য দিয়ে তৈরি।
 
IMG0
 
তবে তুরস্ক ওয়াইপিজি’কে কুর্দিস্তান ওয়ার্কার’স পার্টি(পিকেকে) সংশ্লিষ্ট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। উল্লেখ্য, তুরস্কে পিকেকে’কে একটি অবৈধ দল হিসেবে ঘোষিত। দেশটিতে পিকেকে ও ওয়াইপিজি, উভয় সংগঠনকেই সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু কুর্দি যোদ্ধাদের প্রতি মার্কিন সমর্থন থাকার বিষয়টিতে ক্ষুব্ধ হয় তুর্কি। তারা সিরিয়ার আফরিনে অভিযান চালানোর হুমকি দেয়। এতে করে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে তাদের সংঘাতে জড়ানোর সম্ভাবনা বৃদ্ধি পায়।
 
তবে ৪ই জুন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক বৈঠক শেষে তারা ঘোষণা দেয় যে, মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে নেয়ার বিষয়ে তারা সম্মত হয়েছে। এর একদিন পরেই মানবিজ থেকে তাদের সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেবার ঘোষণা দেয় ওয়াইপিজি।
 
ইত্তেফাক/ জেআর