স্পেনের নতুন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে এক বৈঠকে মিলিত হতে শনিবার প্যারিসের উদ্দেশ্যে রওনা দেবেন। এই বিদেশ সফরে তার জার্মানি ও পর্তুগালেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।
২ জুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সানচেজ। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন সোশ্যালিস্ট পার্টির এই নেতা।
সোমবার সানচেজ বলেন, আমি ঘোষণা দিচ্ছি যে আমি ইউরোপের বার্লিন, প্যারিসের সফরে যাব। তাছাড়া আমি পর্তুগালেও যাব বলে আশা করছি।
তিনি বলেন, সফরের প্রথম ভাগে আগামী শনিবার প্যারিসে আমি ফরাসী রিপাবলিক (ম্যাক্রন) এর সাথে বৈঠকে বসব।
এদিকে, স্থানীয় অনলাইন পত্রিকা এলদিয়ারিয়োডটইএস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাক্রন ও সানচেজ এক সঙ্গে দুপুরের খাবার খাবেন ও পরবর্তীতে একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
ম্যাক্রনের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও ইউরোপীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারেন সানচেজ। ধারণা করা হচ্ছে, তারা অভিবাসন ও ‘ইউরো- জোনের’ সংস্কার নিয়ে কথা বলবেন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে সানচেজের প্রথম বিদেশ সফর। বাসস ও এলদারিয়োডটইএস।
ইত্তেফাক/ জেআর
