কুড়িগ্রামে মহন্ত রবি দাস নামে ৪র্থ শ্রেণির শিশুকে হত্যার দায়ে তার কাকী মা বেলী রানী দাসের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আখতার-উল-আলম এ রায় প্রদান করেন।
এই হত্যা মামলায় অভিযুক্ত আসামি বেলী রানী দাসের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণীত হওয়ায় দি-পেনাল কোডের-৩০২ ধারায় রায় প্রদান করেন বিচারক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মুহা: ফখরুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, ২০১৪ সালের ২০ এপ্রিল মহন্ত রবি দাস (১২) শহরের গোরস্থানপাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন জানতে পায় তার কাকী মা বেলী রানী দাস মহন্ত রবি দাসকে সঙ্গে করে নিয়ে গেছে। কিন্তু সেদিন রাত ১১টার দিকে বেলী রানী দাস বাড়িতে ফিরলে সে মহন্ত রবি দাসকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করে। পরেরদিন সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী হরিকেশ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সেদিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় বেলী রানী দাসকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে মহন্ত রবি দাসের বড় ভাই পরেশ রবি দাস।
ইত্তেফাক/নূহু
