এক বিধবার আকুতি

‘সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দোকান ফিরিয়ে দিন’

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৩২

রাজধানীর মোহাম্মদপুরে এক বিধবা নারীর দুটি দোকান দখল করে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ইতিমধ্যে আদালত দোকান দুটি বুঝিয়ে দেওয়ার আদেশ দেওয়ার পরও চক্রটি আরো ক্ষিপ্ত হয়েছে। 

রবিবার সেগুন বাগিচায় ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে শাবানা বেগম নামে ওই নারী লিখিত বক্তব্যে বলেন, মোহাম্মদপুর টাউনহল পাকা মার্কেটে দুটি দোকান ভাড়ার টাকাই ছিলো পরিবারে আয়ের উৎস। হুমকির মুখেও পাঁচ বছর মামলা চালিয়ে অর্থসংকটে প্রতিবন্ধী এক কন্যাসহ দুই সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। তিনি সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দোকান দুটি ফিরে পেতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

শাবানা বেগম বলেন, ‘২০০৮ সালে স্বামী মারা যাওয়ার পর স্থানীয় একটি চক্র সম্পত্তি দখল করতেই আমাকে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ২০১৪ সালের ২৮ আগস্ট চক্রটি দোকান দুটি দখল করে নেয়। তারপর থেকে আমাকে জীবনে শেষ করার নানান অপচেষ্টা চালায়। যা অব্যাহত এখনও। গত ৫ বছরে গাড়ি, বাড়ি, সঞ্চিত সবকিছু বেহাত করেও দু’সন্তানের লেখাপড়া অব্যাহত রাখতে পারিনি। আমার দু’সন্তানও দিন দিন অসুস্থ হয়ে পড়ছে।’

ইত্তেফাক/জেডএইচ