মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পরিহিত একটি জ্যাকেটে লেখা এক বার্তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এক অভিবাসী আটক-কেন্দ্র পরিদর্শনে যান কোন ঘোষণা না দিয়েই। সেখানে যাওয়ার সময় হালকা সবুজ রঙের একটি জ্যাকেট পরেন তিনি। জ্যাকেটটির পেছনে লেখা ‘আমি সত্যিই পরোয়া করি না, আপনি করেন?’। তার জ্যাকেটের পেছনের এই বার্তা নিয়ে মার্কিন গণমাধ্যম পাড়ায় বেশ তোলপাড় শুরু হয়ে গেছে। খবর দ্য ডেইলি মেইল’র।
IMG0
খবরে বলা হয়, সম্প্রতি ট্রাম্পের অভিবাসন বিষয়ক কট্টর বিচ্ছিন্নতাবাদী নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্ব গণমাধ্যমের মনোযোগ কেড়েছেন মেলানিয়া ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রে অবৈধ উপায়ে প্রবেশ করা পরিবারগুলোর পিতা-মাতার কাছ থেকে শিশুদের আলাদা করার ওই নির্মম নীতিতে পরিবর্তন আনার পেছনেও তার ভূমিকা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নীতিতে পরিবর্তন আনতে তিনি সুপারিশ করেছিলেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট নিজেই। কিন্তু তার পরিহিত একটি জ্যাকেটে লেখা বার্তাই যেন এখন সব আলোচনা, বিতর্কের বস্তু।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দাবি করেছেন, মেলানিয়া ওই বার্তার মাধ্যমে ‘ ভুয়া খবরের গণমাধ্যমের’ দিকে ইঙ্গিত করেছেন।
IMG1
মেলানিয়ার জ্যাকেটটির মূল্য ৩৯ ডলার। জ্যাকেটটি ‘জারা’ ব্র্যান্ডের। তিনি টেক্সাসে যাওয়ার সময় তাকে জ্যাকেটটি পরে থাকতে দেখা গেছে। কিন্তু সেখানে পৌঁছানোর পর আটক-কেন্দ্র পরিদর্শনকালে তার পরনে জ্যাকেটটি ছিল না। কিন্তু ওয়াশিংটনে অবতরণের পর আবার তাকে জ্যাকেটটি পরে থাকতে দেখা যায়।
মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছেন, মেলানিয়ার সফরকে বাদ দিয়ে তার পোশাককে প্রাধান্য না দিতে। কিন্তু ট্রাম্প ওই বার্তাকে গণমাধ্যম-বিরোধী বলে দাবি করেছেন।
IMG2
বৃহস্পতিবার -আপব্রিং নিউ হোপ চিলড্রেন’স সেন্টার- নামে টেক্সাসের ওই আশ্রয়কেন্দ্রে মার্কিন স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার ও সেখানকার কর্মীদের সঙ্গে পরিবার বিচ্ছিন্ন শিশুদের অবস্থা নিয়ে আলোচনা করেন মেলানিয়া। তিনি একটি স্কুল কক্ষ পরিদর্শন করেন এবং প্রায় ২০ শিশুর সঙ্গে গল্প করেন।
কিন্তু তার এই পরিদর্শনের খবর ছাপিয়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে যাত্রা শুরুর কালে তার পরনের জ্যাকেট ও জ্যাকেটে লেখা বার্তা।কিন্তু তার এই পরিদর্শনের খবর ছাপিয়ে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে তার পরনের জ্যাকেট ও জ্যাকেটে লেখা বার্তা। ট্রাম্প টুইটে জানান, মেলানিয়া অবশেষে বুঝতে পেরেছেন যে গণমাধ্যমগুলো আসলে কি পরিমাণ অসৎ এবং তিনি তাদের নিয়ে আর পরোয়া করেন না।
IMG3
এদিকে, গণমাধ্যমে তার এই জ্যাকেট নিয়ে নানা মন্তব্য করতে দেখা গেছে অনেককে। কেউ কেউ মেলানিয়ার ফ্যাশন জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। কেউ বলেন, ট্রাম্প পরিবারের একমাত্র সৎ ব্যক্তি হচ্ছেন মেলানিয়া। কেননা তিনি, একেবারে প্রকাশ্যে এমন একটি বিবৃতি লিখে নিয়ে ঘুরছেন।
অনেকে তার জ্যাকেটের বার্তার ভিন্ন ভিন্ন অর্থ বের করেছেন। একজন লিখেছেন, আপনি কিসের জন্য অপেক্ষা করছেন? ওই গাধাটাকে অভিশংসন করুন। অপর একজন লিখেছেন, তাদেরকে কেকটা খেতে দিও না আমাকে দাও।
IMG4
মেলানিয়ার মুখপাত্র অবশ্য জানিয়েছেন, মেলানিয়ার এই জ্যাকেট পরার পেছনে কোন গোপন অর্থ নেই। তিনি বলেন, এটা একটা জ্যাকেট। টেক্সাসে আজকের গুরুত্বপূর্ণ সফরের পর, আমি আশা করি গণমাধ্যম তার পোশাকের ওপর মনোনিবেশ করবে না। যেমনটা তারা গতবছর তার ‘হাই-হিলস’ নিয়ে করেছিলেন।
স্টেফানি গ্রিশাম বলেন, মেলানিয়ার উদ্দেশ্য ছিল আইনরক্ষাকারী বাহিনী ও সমাজসেবীদের তাদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানো ও সমর্থন দেওয়া। এছাড়া, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের তাদের পরিবারের সাথে পুনর্মিলন করিয়ে দিতে তিনি ট্রাম্প প্রশাসন কি কি পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে জানতে চাওয়া।
ইত্তেফাক/ জেআর
