চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস ও চাঁদের গাড়ির (জীপ) মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ২২ জুন বিকাল চারটার দিকে রাউজান পিংক সিটি-১ এর সম্মুখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের ৪০জন কর্মী উদ্ধার কাজে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে ৬ টায় বাসটি হ্রদ হতে উদ্ধার করা হয়।
জানা যায়, রাঙ্গুনিয়ার রাণীরহাট হতে ছেড়ে আসা চট্টগ্রাম শহরমুখী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (রাঙ্গামাটি জ-০৪-০০৪২) একটি জীপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি সড়কের পাশে হ্রদে পড়ে যায়। ঘটনাস্থলে দুই জন মারা যায়, একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
স্থানীয়রা দ্রুতগতিতে উদ্ধার কাজে নেমে পড়ায় হতাহতের সংখ্যা কম হয় বলে জানান উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মকর্তা। এই সময় প্রায় ২ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। উৎসুখ কয়েক হাজার মানুষ ভিড় জমায়।
উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন দৈনিক ইত্তেফাককে বলেন, আমরা যাত্রী সংখ্যার সুনির্দিষ্ট কোন তথ্য পাইনি। আমাদের ডুবুরি দল হ্রদে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। আজ (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাব। আমরা সাড়ে ৬টায় বাসটি উদ্ধার করেছি।
রাউজান থানার সেকেন্ড অফিসার এস.আই নুরুন নবী দৈনিক ইত্তেফাককে জানান, নিহত তিনজনের মধ্যে হাটহাজরী উপজেলার মোহাম্মাদ ইউসুফ(৫৫), রাঙ্গুনিয়া উপজেলা মোহাম্মদ মুরাদের পুত্র মো. নয়ন (৫)। এখনও অজ্ঞাত একটি শিশুর লাশ রয়েছে। আহত ছয়জনের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। গাড়ি দুটি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
