সময় এলে সরকার সংলাপে আসতে বাধ্য হবে: মওদুদ

আপডেট : ২২ জুন ২০১৮, ২২:০২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সময় এলে বর্তমান সরকার সংলাপে আসতে বাধ্য হবে। এটা সময়ের ব্যাপার। এখন বলা যাবে না। আন্দোলনের মুখে যখন যে অবস্থার তৈরি হবে, তখন সেই ব্যবস্থাই গ্রহণ করা হবে। আর দেশের বর্তমান সমস্যার সমাধান সংলাপ হতেও পারে, আবার সংলাপ ছাড়াও সমস্যার সমাধান হতে পারে। এটা নির্ভর করবে পরিস্থিতির উপরে।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আদর্শ নাগরিক দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। 'জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম এবং বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে' এই সভা অনুষ্ঠিত হয়।
 
সংলাপের কোনো প্রয়োজন নেই- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মওদুদ বলেন, যার নির্বাচনী এলাকায় গণতন্ত্রের লেশমাত্র নাই তার বক্তব্যের কী জবাব দেবো? সংলাপের প্রয়োজন আপনারা বোধ করবেন। আর সময় এলে বর্তমান সরকার সংলাপে আসতে বাধ্য হবে।
 
মওদুদ বলেন, বর্তমান ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী সরকার। বর্তমান সরকার সহজে ক্ষমতা হস্তান্তর করতে চায় না। কিন্তু জনগণের আন্দোলন ও জোয়ারের মুখে তারা এটা করতে বাধ্য হবে। 
 
মওদুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এটা হচ্ছে অন্যতম শর্ত। আরেকটি, নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। সংসদ রেখে নির্বাচন করা হবে নিরর্থক প্রচেষ্টা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হবে না। ম্যাজেস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন করতে হবে এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহার করতে হবে। এগুলো হলেই নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আসবে।
 
ইত্তেফাক/এমআই