তরুণদের মাদক থেকে দূরে রাখবে যোগ ব্যায়াম: ভূমিমন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৬:১৮
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ফেনসিডিল, ইয়াবা ও বিভিন্ন মরণনেশা তথা মাদক তরুণদের বিপথগামী করছে। তাই একমাত্র শরীরচর্চা, যোগব্যায়ামই পারে তরুণদের এসব অস্বস্তিকর বিধ্বংসী মরণনেশা থেকে দূরে রাখতে।
 
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালীমন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আনন্দম ইনস্টিটিউট অব যোগ আয়ুর্বেদ এন্ড যৌগিক হসপিটাল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
‘আদর্শ জীবন গঠনে যোগাভ্যাসের ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভায় যোগী পরিচালক পিকেবি প্রকাশ প্রমিথিয়াস চৌধুরী সভাপতিত্ব করেন। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, যোগী অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র দাস, যোগী অ্যাডভোকেট ড. জে. কে. পাল, আমেরিকান প্রবাসী বাঙালি হিন্দু ফাউন্ডেশনের সভাপতি শ্যামল চক্রবর্তী, যোগী ধীরেন্দ্রনাথ বাড়ৈড়ি প্রমুখ বক্তব্য রাখেন।
 
মন্ত্রী বলেন, দেহ ও মনকে সুস্থ রাখতে নিয়মিত যোগাভ্যাস করা প্রয়োজন। যোগ অনুশীলনে মানুষ পাপমুক্ত থাকে। নিয়মিত যোগ অনুশীলনের মাধ্যমে প্রাণের শক্তি সঞ্চারিত হয়, সমাজের পাপাচার, মাদক, হানাহানি থেকে দূরে থাকা যায়।
 
তিনি বলেন, শরীর ও মন সুস্থ না থাকলে ধর্ম, কর্ম, ইহলোকিকতা কোন পথই ঠিক মত চলে না। সকলকে যোগাভ্যাস গড়ে তুলতে হবে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ বিষয়টিকে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আনার উদ্যোগ সরকার নিবে।
 
মন্ত্রী বলেন, প্রতিটি বিদ্যালয়ে শরীর চর্চার ব্যবস্থা রয়েছে কিনা তা মনিটরিং করতে হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় নিজস্ব মাঠের ব্যবস্থা করবে।
 
শামসুর রহমান শরীফ সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
 
ইত্তেফাক/এমআই