হারার ভয়ে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে পারে: মওদুদ

আপডেট : ২৩ জুন ২০১৮, ২০:৩৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, হেরে যাওয়ার ভয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। আওয়ামী লীগ ক্ষমতা হারাতে চাইবে না। কারণ তারা যে অন্যায় করেছে সবকিছু ধরা পড়ে যাবে। সে ভয়ে তারা নির্বাচন বানচাল করতে পারে। তাই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
 
শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত খালেদা জিয়ার জামিন নিয়ে সরকারের ‌‌‘নোংরা রাজনীতি’ বন্ধের দাবিতে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-বিএনপির শামিমুর রহমান শামীম, আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।
 
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এখন প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে। অন্যায়, অবিচার, জুলুম নির্যাতনের প্রতিরোধের সময় এসেছে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। সে জন্য এই আন্দোলন। কোনো বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে যেতে এই আন্দোলন নয়।
 
তিনি বলেন, খালেদা জিয়া অবশ্যই মুক্তি পাবেন। নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তার জন্য আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। কতভাবে কৌশল করবেন, কতভাবে বিলম্বিত করবেন, জামিন তো তার হবেই এবং তিনি মুক্ত হয়ে আসবেন এবং তাকে নিয়েই আমরা নির্বাচন করবো।
 
ইত্তেফাক/এমআই