আজ হাইকোর্টে দুদক ও রাষ্ট্রপক্ষ শুনানির আবেদন জানাবে

আপডেট : ২৪ জুন ২০১৮, ১০:১৬
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজার রায় বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য আজ হাইকোর্টে আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষ। বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এ আবেদন করা হবে বলে জানান দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন, আপিল বিভাগের নির্দেশনা রয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তি করার। সেই পরিপ্রেক্ষিতে শুনানির জন্য আজ এই আবেদন জানানো হবে।
 
প্রসঙ্গত খালেদা জিয়ার আপিল ছাড়াও ওই মামলার দশ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের আপিলের ওপর শুনানির দিন ধার্যের জন্য একই দিন আবেদন জানাবে দুদক। এই তিনটি আপিলের সঙ্গে খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না মর্মে জারিকৃত রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
 
এদিকে কুমিল্লার নাশকতার দুটি মামলায় খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা দুটি লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে ওই আপিলের ওপর আজ রবিবার শুনানি হতে পারে। আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার নয় ও দশ নম্বর ক্রমিকে আপিল দুটি শুনানির জন্য অন্তর্ভুক্ত রয়েছে।
 
গত ২৮ মে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কুমিল্লার দুটি নাশকতার মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয়। পরদিন রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করে দেয়। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। সেই প্রেক্ষিতে আজ ওই আপিল দুটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
 
ইত্তেফাক/কেকে