মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জুয়ারেজ শহরে তিনটি পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটে। শহরটিতে প্রায়ই মাদকচক্র সংক্রান্ত সংঘর্ষ ও সহিংসতা ঘটে থাকে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
শনিবারের ঘটনাটি নিয়ে এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নগরীর দক্ষিণ প্রান্তে একটি হামলার ঘটনা ঘটে। সেখানে আট ব্যক্তি মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত ও অপর দুই জন আহত হয়।
প্রায় একই সময়ে নগরীর মধ্যাঞ্চলের একটি নাপিতের দোকানে পাঁচ জন ফুটবল ম্যাচ দেখছিলেন। এমন সময় একটি নীল রংয়ের ভ্যানে এসে একদল লোক তাদের গুলি করে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এর কয়েক ঘণ্টা আগে ভোরবেলা নগরীর মধ্যাঞ্চলের একটি উপকণ্ঠে পার্টি চলাকালে সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়।
এই নিয়ে শুধু এই মাসেই জুয়ারেজে ১২৮ জনকে হত্যা করা হল। বাসস।
ইত্তেফাক/ জেআর
