রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হল সারাহ স্যান্ডার্সকে

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৩:৫৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করার জন্য এক রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হুকাবে স্যান্ডার্সকে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। খবর বিবিসি’র।
 
খবরে বলা হয়,শুক্রবার ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় পরিবার নিয়ে খেতে গিয়েছিলেন সারাহ স্যান্ডার্স। কিন্তু লেক্সিনটনের রেড হেন নামের রেস্তোরাঁর এক মালিক তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনও রকম বচসায় না গিয়ে ভদ্রভাবেই রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যান স্যান্ডার্স।
 
ওই মালিককে নিয়ে স্যান্ডার্স পরবর্তীতে টুইটে লিখেন, তার আচরণ আমার চেয়ে তার সম্বন্ধেই বেশি বলে।
 
স্টেফানি উইলকিনসন নামের ওই রেস্তোরাঁর মালিক জানান, স্যান্ডার্স একজন অমানবিক ও অনৈতিক প্রশাসনের হয়ে কাজ করেন।
 
প্রভাবশালী মার্কিন  পত্রিকা ওয়াশিংটন পোস্টকে তিনি জানান, তিনি তার কর্মচারীদের সঙ্গে আলাপ করার পরই স্যান্ডার্সকে বেরিয়ে যেতে বোলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
 
তিনি তার কর্মচারীদের বলেন, আপনারা কি চান, আমি কি করবো! আমি তাকে চলে যেতে বলতে পারি। উত্তরে তার হ্যা বলেন।
 
উল্লেখ্য, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী কির্স্টজেন নিয়েলসেনকে ওয়াশিংটনের একটি মেক্সিকান রেস্তোরাঁয় অপদস্থ করা হয়। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ও সমালোচিত কট্টর বিচ্ছিন্নতাবাদী অভিবাসন নীতি চালু হওয়ার পরই উভয় ঘটনা ঘটে। 
 
ঘটনাটি নিয়ে সারা টুইটে বলেন, ‘আমার সঙ্গে বিরোধিতা রয়েছে এমন তো অনেকেই রয়েছেন। কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের অশ্রদ্ধা করবো।’ সারার এই টুইট বার্তার পর এক ঘণ্টার মধ্যে ২২ হাজার ‘রিপ্লাই’ পান তিনি।
 
উইলকিনসন বলেন, তিনি স্যান্ডার্সের সঙ্গে কিছু বিষয় নিয়ে বাইরে গিয়ে আলোচনা করতে চেয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেন, ওই রেস্টুরেন্টটির, সততা, সহানুভূতি ও সমবেদনার মতো কিছু নির্দিষ্ট মানদণ্ড মেনে চলতে হয়।
 
উইলকিনসন জানান, স্যান্ডার্স তার বক্তব্য শোনার পর তাৎক্ষণিকভাবেই জবাব দেন: ঠিক আছে। আমি চলে যাচ্ছি।
 
ইত্তেফাক/ জেআর