ইরাক: আবাদির সঙ্গে জোট গঠনের ঘোষণা আল-সদরের

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:৩০
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ও শিয়া নেতা মুকতাদা আল-সদর নতুন  সরকার গঠনের লক্ষ্যে জোট গঠনের ঘোষণা দিয়েছেন। গত মাসের জাতীয় নির্বাচনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে এই ঘোষণা দিলেন দেশটির শীর্ষ দুই নেতা। খবর আল জাজিরা’র।
 
খবরে বলা হয়, গত মাসের নির্বাচনে ৩২৯ আসনের মধ্যে ৫৪ আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠ জোট হিসেবে ওঠে এসেছে সদর-নেতৃত্বাধীন জোট।
 
অন্যদিকে ব্যাপক প্রত্যাশা সত্ত্বেও ৪২ আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থা লাভ করেছে আবাদির জোট। আর, ৪৭ আসনে জয়ী হয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরান-পন্থী হাদি আল-আমিরির দল। এর মধ্যে আবাদি ও সদর, ইরাকে চলমান রাজনৈতিক টানাপোড়নের সমাপ্তি টানতে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছেন।
 
শনিবার শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর নাজাফে তিনঘণ্টা ব্যাপী এক বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই  নেতা জোট গঠনের ঘোষণা দেন। 
 
বিবৃতিতে বলা হয়, নতুন সরকার গঠন ত্বরান্বিত করার জন্য তাদের জোট সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ ভুলে গিয়ে কাজ করবে। এছাড়া তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের নীতিতে একাত্মতা প্রকাশ করেছেন।
 
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সদর বলেন, পরবর্তী সরকার গঠন ত্বরান্বিত করা ও ইরাকি জনগণের স্বার্থ নিশ্চিত করতে অভিন্ন বিষয়গুলোতে সম্মত হওয়ার জন্য আমরা একটি যৌথ সাম্প্রদায়িক, যৌথ নৃতাত্ত্বিক জোটের ঘোষণা দিচ্ছি।   
 
তিনি, একটি অন্তর্ভুক্ত সরকার গঠন করতে ইরাকি সমাজের সকল উপাদান সম্বলিত আরো একটি বৃহৎ জোট ঘোষণার আহবান জানান। 
 
উল্লেখ্য, ১২ মে’র নির্বাচনটিতে জালিয়াতির অভিযোগ ওঠেছে। তাই পুনরায় নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে।
 
নির্বাচনটিতে আবাদি, সদর আর আমিরি নেতৃত্বাধীন দল ও জোটগুলো সম্মিলিতভাবে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। কিন্তু দেশটিতে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৬৫ আসনের প্রয়োজন। তাই ধারণা করা হচ্ছে, সরকার গঠনের জন্য অন্যান্য দলগুলোও যোগদান করবে আবাদি ও সদর জোটের সঙ্গে। 
 
ইত্তেফাক/ জেআর