নির্বাচন শান্তিপূর্ণ করতে কমিশন ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০১৮, ১০:২২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে সরকার এটাই আশা ও বিশ্বাস করে।
 
তিনি রবিবার সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটেন্ট/সহকারী সার্কেল অ্যাডজুটেন্ট/উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নব নিযুক্ত ১৯১জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে এতে সরকারের কোনো পরামর্শ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনসারবাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
 
এসময় উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নুরুল আলম, একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি