মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৯:৩০
মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব তেলিকান্দি গ্রামে রবিবার ভোররাতে এক কিশোরীকে (১৫)  ধর্ষণ করার অভিযোগ উঠেছে। 
 
পরিবারিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পূর্ব তেলিকান্দি গ্রামে বসবাস করতো ধর্ষিতার পরিবার। রবিবার ভোররাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকে কোদালিয়া বাজিতপুর গ্রামের রাজা ফকিরের ছেলে রফিক ফকির (২৫) ও তার সাথে আরো ৩ জন। তারা কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে। বাড়ি খালি থাকায় রফিক তার লোকজন নিয়ে কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে ওই কিশোরীকে তার পরিবারের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
  
ধর্ষিতা কিশোরী বলেন, আরো ৫/৬ মাস পূর্বে থেকে রফিক বিভিন্ন সময় রাস্তায় একা পেয়ে বিরক্ত করে আসছিল। আমি লজ্জ্বা ও ভয়ে কাউকে কিছু বলিনি। কিন্তু সে আমার এত বড় ক্ষতি করবে তা ভাবিনি। আমি রফিকের কঠোর শাস্তির দাবি জানাই।
 
ধর্ষিতা কিশোরীর মা সাংবাদিকদের কাছে বলেন, আমরা গরীব মানুষ। তাই আমার মেয়েকে একা বাড়িতে পেয়ে রফিক তার লোকজন নিয়ে ক্ষতি করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
  
আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু জানান, আমি ঘটনার কথা শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক। আমি কিশোরীর পরিবারকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করবো।  
 
সদর হাসপাতালেস আর এমও ডা. শশাংক চন্দ্র ঘোষ জানান, ধর্ষণের অভিযোগে একটি মেয়ে ভর্তি হয়েছে। তবে কিশোরীটি ধর্ষিত হয়েছে কিনা- মেডিকেল টিমের রির্পোট হাতে পেলে বলতে পারবো।
 
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জিয়াউল মোর্শেদ বলেন, আমি ঘটনার কথা শুনেছি। ওই মেয়ের পরিবারের কেউ থানায় আসেনি। পরিবারের পক্ষ থেকে কেউ থানায় এসে অভিযোগ করলে আমি আইনি ব্যবস্থা গ্রহণ করবো। 
 
ইত্তেফাক/এমআই