শ্রীপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান, আটক ২

আপডেট : ২৫ জুন ২০১৮, ০৮:৩৬
শ্রীপুরের মাওনা চৌরাস্তার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের ৪তলার একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকা থেকে আসা কাউন্টার টেরিজম ইউনিট অভিযান চালিয়ে ২জনকে আটক করেছে। রবিবার ভোরে এ অভিযান চালানো হয়।
 
বাড়ির মালিক পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, রবিবার ভোরের দিকে পুলিশ সদর দফতর থেকে আসা একদল পুলিশ তার বাসার সামনে অবস্থান নেয়। অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে একজন তার মোবাইলে ফোন দিয়ে বাসার বাইরে আসতে বলেন। পরে নিচতলার ঘর তল্লাশি করবে এবং তাকে তার ঘরে (দোতলায়) চলে যেতে বলেন। প্রায় একঘণ্টা পরে তল্লাশি শেষে তাকে ভোর ৫টায় ডাকা হলে তিনি গিয়ে দেখেন পুলিশ তার ভাড়াটিয়া আ. রহমানকে আটক করেছেন। এছাড়া ভাড়াটিয়ার ঘর থেকে ৩টি পিস্তল ও ৪টি বোমা পাওয়া গেছে বলে পুলিশ জানায়। বোমাগুলো ভাড়াটিয়ার ঘরের টেবিলের ড্রয়ারে পাওয়া গেছে।
 
রফিকুল ইসলাম আরো জানান, রহমান দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি প্রাইভেটকার চালকের পরিচয়ে স্ত্রী শামসুন্নাহারকে সঙ্গে নিয়ে গত দুইমাস আগে তার বাসার নিচতলা ভাড়া নিয়েছিলেন। তবে কার গাড়ি চালাতেন তিনি (বাড়িওয়ালা) তা জানতেন না।
 
ইত্তেফাক/আরকেজি