মেসির দায় দেখছে না স্পেন শিবির

আপডেট : ২৫ জুন ২০১৮, ১০:২১
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সাবেক ফরাসি তারকা এমানুয়েল পেতিত; কেউ ছাড় দিচ্ছেন না লিওনেল মেসিকে। আর্জেন্টিনার এই দুর্দশার জন্য মেসির ফর্মহীনতা ও নেতৃত্বহীনতাকে দুষছেন সকলে। এই সময়ে মেসি পাশে পাচ্ছেন তার ‘সেকেন্ড হোম’ স্পেনের লোকজনকে। কিছুদিন আগে স্পেন অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, মেসি যা করেছেন, তাতেই তিনি গ্রেট। আর এবার স্পেনের কোচ ফার্নান্দো হিয়েরো ও দলটির ডিফেন্ডার জর্ডি আলবা দাঁড়ালেন মেসির পাশে। হিয়েরো ও আলবা বলছেন, আর্জেন্টিনার এই পতনে তারা অন্তত মেসির একার কোনো দায় দেখতে পাচ্ছেন না। হিয়েরো বলেছেন, দায় যদি দিতে হয়, তাহলে পুরো আর্জেন্টিনা দলকেই দায় দিতে হবে। অন্য দিকে আলবা বলেছেন, মেসির পক্ষে যা করা সম্ভব, তা তিনি করেছেন। আলবা মেসিকে ছাড়া বিশ্বকাপ কল্পনাই করতে পারছেন না।
 
আর্জেন্টিনা এখন খাদের কিনারে দাঁড়িয়ে গেছে। মেসিকে ছাড়া দ্বিতীয় রাউন্ড থেকেই হতে পারে বিশ্বকাপ। শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। তারপরও চেয়ে থাকতে হবে আইসল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। এমন অবস্থায় দল দাঁড়িয়ে পড়ায় মেসিকে একা দায় দিতে চান না স্পেন কোচ হিয়েরো। তিনি বলছিলেন, দায়টা সব খেলোয়াড়কে একটা দল হিসেবে নিতে হবে, ‘আমি সবসময়ই মনে করি, একটা খেলায় যাই হোক না কেন, ভালো হোক বা মন্দ, এটা একটা গ্রুপ ইস্যু। আর তা যদি না হয়, তাহলে আপনার টেনিস খেলাই ভালো। আর্জেন্টিনার বলুন আর আমাদের বা অন্য কারো, যা কিছু ভালো হয়েছে, যা খারাপ হয়েছে, বুঝতে হবে যে ছেলেরা এখানে লড়াই করতে এসেছে, তাদের কারণেই হয়েছে।’
 
এই তাত্ত্বিক অবস্থান বাদ দিয়ে আর্জেন্টিনা দলকে বিশ্লেষণ করেও হিয়েরো দেখছেন, এই দলটার এতো খারাপ করার কথা নয়। তিনি বলছিলেন, ‘অবশ্যই কিছু লোক থাকে, যারা বড় নামের প্রতি ছোটে। বা যারা ব্যক্তিগত পুরস্কার জেতে, তাদের ওপর দায়টা দিতে চায়। কিন্তু আপনি যদি আর্জেন্টিনা দলের দিকে তাকান, ওদের যে অসাধারণ প্রতিভাধর একটা দল আছে, তারা ক্লাবে যে অসাধারণ ফুটবল খেলে, আপনাকে অনুধাবন করতে হবে, যে সেটা তারা সামষ্টিকভাবেই খেলে। তবে এই মুহূর্তে আমার আসলে নিজেরই অনেক কাজ আছে, তাই আমি অন্যদের নিয়ে ভাবছি না।’
 
হিয়েরো খুব একটা না ভাবলেও জর্ডি আলবা তার বার্সেলোনা সতীর্থ মেসিকে নিয়ে না ভেবে পারছেন না। তিনি বলছেন, মেসিকে ছাড়া একটা বিশ্বকাপ তিনি কল্পনাও করতে পারেন না, ‘আমি কল্পনা করতে পারছি না। ওর অনেক সমালোচনা হচ্ছে। আমি এগুলো কিছুতেই বুঝতে পারছি না। আর্জেন্টিনা দল ওকে ছাড়া যা, তার চেয়ে ওকে সহ অনেক ভালো একটা দল। ওদের তো গর্ব করা উচিত যে, মেসির মতো একজন খেলোয়াড় ওদের দলে খেলে। ও অনন্য একজন খেলোয়াড়।’ আলবা বলছেন, মেসি ইতিমধ্যে জাতীয় দলের জন্য যা করেছেন, সেটা অনেক কিছু এবং সে জন্য গর্ব করা উচিত, ‘ও দুর্ভাগ্যজনকভাবে আর্জেন্টিনার হয়ে তিনটি ফাইনাল জিততে পারেনি। এটা মেনে নেওয়া সহজ ছিলো না। ও জাতীয় দলের হয়ে যা করছে, তার প্রশংসা আপনাকে করতেই হবে।’