সিরিয়ার দক্ষিণাঞ্চলে ‘ডি-এস্কালেশন জোনে’ রুশ বিমান বাহিনী সমর্থিত সরকারি বাহিনীর হামলায় অন্তত ৭০ বিদ্রোহী নিহত হয়েছে। সিরিয়ার কিছু এলাকায়, সংঘাত নিষিদ্ধ করা হয়েছে, সেসব অঞ্চলগুলো ‘ডি-এস্কালেশন জোন’ নামে পরিচিত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বখবরে বলা হয়, সোমবার সিরিয়ার দক্ষিণাঞ্চলে রাশিয়া সমর্থিত হামলায় অন্তত ৭০ বিদ্রোহী নিহত হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রবিবার রাতে সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া বিমান হামলা চালিয়েছে। প্রায় এক বছর আগে অস্ত্রবিরতির পর এটাই ছিল সেখানে রাশিয়ার প্রথম হামলা।
সরকারি বাহিনীকে স্থল যুদ্ধে সহায়তার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। আসাদ বাহিনী ওই অঞ্চলে অভিযানে প্রস্তুতি শেষ করেছে।
রাজধানী দামেস্কের নিরাপত্তা নিশ্চিত করার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দারা ও স্বইদা বিদ্রোহীদের কবল থেকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। ফলস্বরূপ, অঞ্চলটিতে হামলার পরিমাণ তীব্র হচ্ছে।
কয়েক সপ্তাহ ধরে তিনি ওই অঞ্চলে সৈন্য সমাবেশ বাড়াচ্ছেন, বিদ্রোহীদের প্রতি আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন এবং সাম্প্রতিক দিনগুলোতে বোমা হামলা জোরদার করেছেন।
ইত্তেফাক/ জেআর
