ইউটিউবে মাহবুবুল এ খালিদের নতুন দুই গান

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২০:৫৭

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। সম্প্রতি তার লেখা ও সুর করা নতুন দুটি গান ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি পেয়েছে। এর একটি লোকগীতি এবং অন্যটি ধর্মীয় ঘরানার গান।

‘বর্ষা এলো আজ দুয়ারে’ শিরোনামের লোকগীতি ঘরানার গানটির কথা ও সুরে বৃষ্টির দিনে চিরায়ত বাংলার অপরূপ রূপ দারুণভাবে ফুটে উঠেছে। এই গানে কণ্ঠে তুলেছেন এ প্রজন্মের দুই শিল্পী নন্দিতা দাশ এবং রাজীব। 

অন্যদিকে ‘একদিন তো হবে কেয়ামত’ শিরোনামের ধর্মীয় গানটিতে কেয়ামতের দিনে শেষ বিচারের অবস্থা বর্ণনা করা হয়েছে। একক কণ্ঠের এই গানটি গেয়েছেন নন্দিতা। 

গান দুটি একই সঙ্গে মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশ করা হয়েছে।

এ প্রসঙ্গে গান দুটির গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, বাঙালির জীবনে বর্ষা বা বৃষ্টির দিন গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। বৃষ্টির টাপুর-টুপুর শব্দ সবার মনে ছন্দ তোলে। ফুল-পাখিদের ছুঁয়ে যায়। বর্ষার দিনে পেখম তুলে নাচে ময়ূর। বর্ষার সৌন্দর্যে বিমোহিত হয় সবাই। তবে সবকিছুর মাঝে বর্ষা আমাদের নস্টালজিক করে তোলে। নানান সুখ-দুঃখের স্মৃতি এসে আমাদের মনে ভর করে। এই বিষয়গুলো ‘বর্ষা এলো আজ দুয়ারে’ গানটিতে তুলে ধরা হয়েছে।

তিনি জানান, ‘একদিন তো হবে কেয়ামত’ একটি ধর্মীয় গান। এই গানে শেষ বিচারের দিন কেমন হবে তার বর্ণনা রয়েছে। রাজ-প্রজা, ধনী-দরিদ্র সব মানুষকে তার পাপ-পুণ্যের হিসাব দিতে হবে। যার পুণ্যের ভাগ বেশি হবে, সে পুলসিরাত পাড়ি দিয়ে বেহেস্তে যাওয়ার অধিকার লাভ করবে। গান দুটি শ্রোতাপ্রিয় হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

‘বর্ষা এলো আজ দুয়ারে’ 

‘একদিন তো হবে কেয়ামত’

ইত্তেফাক/জেডএই