স্বামীর গলায় অস্ত্র ঠেকিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

আপডেট : ২৫ জুন ২০১৮, ২১:০৭
নারায়ণগঞ্জ বন্দরে স্বামীর গলায় ধারালো ছোরা ঠেকিয়ে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তুহিন নামের এক ধর্ষককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। গত রবিবার রাতে সাবদী এলাকায় এ গণধর্ষনের ঘটনা ঘটে। সোমবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
 
জানা যায়, উপজেলা স্বল্পের চক গ্রামের রিয়াজুল তার স্ত্রীকে নিয়ে গত রবিবার বিকালে সাবদী এলাকায় ব্রহ্মপূত্র নদের তীরে ঘুরতে যান। রাত ৮ টার দিকে স্বামী-স্ত্রী অটোবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সাবদী ব্রিজের কাছে পৌঁছুলে ৫ বখাটে এসে তাদের দুইজনকে টেনে হিঁচড়ে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায় স্বামী রিয়াজুলের গলায় ছোরা ঠেকিয়ে তার স্ত্রীকে সেলসারদি বিলের এক পরিত্যক্ত বাগানবাড়ীতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
 
গভীর রাতে তাদের চিৎকার শুনে এলাকাবাসী জড়ো হয়। এ সময় নলুয়া পাড়ার তুহিন নামে এক সন্ত্রাসীকে জনতা আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তুহিনকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
 
এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে সেলসারদি ও সাবদী এলাকার অটোচালক আমজাদ, কাদির, বাপ্পি, রায়হান পালিয়ে যায়। 
 
বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এজাহার নামীয় আসামি তুহিনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য  হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু