ফলাফল যাই হোক জনগণ মেনে নিলে আমিও মেনে নেব: হাসান উদ্দিন

আপডেট : ২৬ জুন ২০১৮, ১০:১১
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। ফলাফল যাই হোক জনগণ মেনে নিলে আমিও মেনে নেব। নির্বাচনে আছি, থাকব। শেষ পর্যন্ত দেখতে চায়।
 
তিনি মঙ্গলবার সকালে নিজ বাসভবন সংলগ্ন ৫৪নং ওয়ার্ডের আউচপাড়ায় বশির উদ্দিন উদয়ন একাডেমি ভোট কেন্দ্রে যান। ভোট দেয়ার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
 
লাগাতার পুলিশি গ্রেফতারের কারণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার আরও বলেছেন, ইতোমধ্যে ১০-১২জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের পিটিয়ে বের করে দেয়া হচ্ছে। তবুও নির্বাচনের শেষ পর্যন্ত থাকব। এখনো সারাদিন বাকি আছে। অন্যান্য কেন্দ্রেগুলোর খবর নিয়ে আপনাদের জানাব। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদী বলেও জানান।
 
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যাপক নিরাপত্তার মধ্যে ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
 
দলীয় প্রতীকে এবারই প্রথম এই সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিচ্ছেন গাজীপুরের ১১ লাখ ৩৭ হাজার ভোটার।