গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। বিভিন্ন অনিয়মের কারণে ৯টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে দেখা গেছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ৯টি কেন্দ্রের ভোট স্থগিতের কারণ হিসাবে উল্লেখ করেছেন, দুষ্কৃতিকারী কর্তৃক ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট বাক্সে জোর করায় ৯টি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এরই পরিপ্রেক্ষিতে ৯টি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।
কেন্দ্রগুলো হলো-১৫নং ওয়ার্ডের ভোগড়া বাজার সংলগ্ন ভোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১,মূল ভবন), ২৬ নং ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা (দ্বোতলা পশ্চিম ভবন), ৩৭ নং ওয়ার্ডের কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১) ও কুনিয়া হাজী আ. লতিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-২), ৪২ নং ওয়ার্ডের পূবাইলের বিন্দান সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪৮ নং ওয়ার্ডের টঙ্গীর জাহান পাবলিক দত্তপাড়া (পুরুষ কেন্দ্র), ৫১ নং ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ (পুরুষ কেন্দ্র) ও খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২ (পুরুষ কেন্দ্র) এবং ৫৩ নং ওয়ার্ডের টঙ্গীর হাজী পিয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ কেন্দ্র)। কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ইসির সঙ্গে পরামর্শ করে বিধিমোতাবেক ভোট গ্রহণ স্থগিত করে রিটার্নিং অফিসারের কাছে তালিকা পাঠিয়েছেন। স্থগিত হওয়া ৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো-২৩ হাজার ৯৩৫জন।
ইত্তেফাক/এমআই
