মার্কিন ফার্স্ট-লেডি মেলানিয়া ট্রাম্প চলতি সপ্তাহে আশ্রয় শিবিরে অবস্থানকারী অভিবাসী শিশুদের সাথে পুনরায় দেখা করবেন। অভিবাসন নীতির বিষয়ে আইন প্রণেতাদের সম্পৃক্ত হবার পর এটা হবে মেলানিয়ার দ্বিতীয় আশ্রয় শিবির পরিদর্শন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে অভিবাসী শিশুদেরকে তাদের পরিবার থেকে আলাদা করার নীতিতে পরিবর্তন এনে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।
এর আগে শিশুদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটি নির্দিষ্ট আশ্রয় শিবিরে রাখা হতো। ট্রাম্পের এই নীতি বিশ্বজুড়ে তুমুলভাবে সমালোচিত হয়। শিশুদেরকে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত করে দেবার আহবান জানানো হয়।
তাই, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রায় ২ হাজার ৩শ’ শিশুকে প্রশাসন কিভাবে পুনরায় তাদের পরিবারের সাথে একত্রীকরণ করবে সেটি এখন দেখার বিষয়।
মেলানিয়া গত বৃহস্পতিবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে থেকে আটক শিশুদের দেখতে আশ্রয় শিবিরে যান। সেখানে তিনি শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন।
শিশুদেরকে তাদের পরিবারের কাছে পুনরায় পৌঁছে দিতে তিনি দাতা সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন।
ফার্স্ট লেডির মুখপাত্র স্টেফানি গ্রিসাম বলেন, চলতি সপ্তাহে মেলানিয়া দ্বিতীয়বারের মতো আশ্রয় শিবির পরিদর্শন করবেন। তবে তিনি কবে যাবেন তা সঠিকভাবে বলা হয়নি। বাসস।
ইত্তেফাক/ জেআর
